বিমান চেয়ারম্যানের দায়িত্ব থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তাঁর অভিপ্রায় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরেই তাঁর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। জানা যায়, তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আকিজবশির গ্রুপে ফিরে যাচ্ছেন। নতুন সরকারের শপথ গ্রহণের দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের এপ্রিলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬ আগস্ট শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সে সময় তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা থাকা অবস্থায় নিজের মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ নিয়ে সে সময় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এদিকে, বিমানের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার আলোচনা চলাকালীন গত ১৫ জানুয়ারি পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগ দেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

  • উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স