সেরা ডমেস্টিক এয়ারলাইন্সের তকমা পেলো ইউএস বাংলা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

দেশের শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলা সাতটি ক্যাটাগরিতে সেরা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার-২০২৪’-এর ফলাফলে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ স্বীকৃতি অর্জন করে।

ফলাফলে দেখা গেছে, বেস্ট অন টাইম পারফরম্যান্স (ডমেস্টিক) ক্যাটাগরিতে সিলভার, মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইনস (ডমেস্টিক) ক্যাটাগরিতে ব্রোঞ্জ, বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস (ডমেস্টিক) ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক) ক্যাটাগরিতে সিলভার, ডমেস্টিক এয়ারলাইন্স অব দ্য ইয়ার ২০২৪ ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট ইম্প্রোভড এয়ারলাইন (কম্পেয়ার টু ২০২৩) ক্যাটগরিতে গোল্ড এবং মোস্ট পপুলার এয়ারলাইন্স ব্যান্ডস ইন বাংলাদেশ ক্যাটগরিতে ১১তম হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অনুষ্ঠানে জানানো হয়, নিয়মিত আকাশ ভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে দুবাই ভিত্তিক এমিরেটস ‘সেরা এয়ারলাইন্স’, ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্স’ এবং সৌদিয়া কার্গো ‘সেরা কার্গো’ এয়ারলাইন্স নির্বাচিত হয়েছে।

চলতি বছর অনলাইনে আয়োজিত মতামতভিত্তিক জরিপে অংশ নেন তিন হাজারের বেশি নিয়মিত আকাশযাত্রী। এবার রেকর্ড ২৩টি ক্যাটাগরিতে এয়ারলাইনগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়।

বাংলাদেশের ভ্রমণ শিল্পে উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দীন আহমেদকে জুরি কমিটি আজীবন সম্মাননা ট্রফি প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সাদিয়া হক, স্যাবর বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার এবং সিইও মো. সাইফুল হক, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।

এবারের আয়োজনে বেশ কয়েকটি নতুন ক্যাটাগরিতে এয়ারলাইন্সগুলোকে সম্মাননা দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘বাংলাদেশে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’। এই বিভাগে ১২টি এয়ারলাইনকে স্বীকৃতি প্রদান করা হয়।আগের বছরের মতো এবারও ‘সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’ ক্যাটাগরিটি রাখা হয়েছিল, যেখানে এমটিবি এয়ার লাউঞ্জ গোল্ড ট্রফি, ইবিএল স্কাইলাউঞ্জ সিলভার এবং সিটি ব্যাংকের এমেক্স লাউঞ্জ ব্রোঞ্জ ট্রফি অর্জন করে।

এবছরের এয়ারলাইন অব দ্য ইয়ার নির্বাচনে বিচারক হিসেবে বিভিন্ন সেক্টরের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে গঠিত ১১ সদস্যের প্যানেল ভোট পর্যালোচনা ও যাচাই-বাছাই করে বিজয়ী নির্ধারণ করে।

দেশের শীর্ষ স্থানীয় এভিয়েশন ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সালে বাংলাদেশে এয়ারলাইন অফ দ্য ইয়ার পুরস্কার প্রবর্তন করে। বর্তমানের আসরটি ছিল ১১তম। এবারের আসরের লিড স্পন্সরের দায়িত্ব পালন করে শীর্ষ স্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। পার্টনার হিসেবে সহায়তা করে ইস্টার্ন ব্যাংক, জিডিএস কোম্পানি স্যাবর বাংলাদেশ, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল ঢাকা এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।

  • ইউএস বাংলা
  • এয়ারলাইন্স
  • সেরা এয়ারলাইনস