মধ্যপ্রাচ্যগামী ২৮ ফ্লাইট বাতিল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা অন্তত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে ৮০০ জন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আরও ৫০ জনের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আশ্বাস দেন, বিদেশগামী যাত্রীদের রাত কাটাতে কোনো ধরনের অসুবিধা হবে না।

এদিকে কুয়েত বিমানবন্দরে হামলার ঘটনায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জানানো হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনায়।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মধ্যপ্রাচ্য