বাংলাদেশের মার্কিন ভিসা স্থগিত; যে পথে হাঁটছে সরকার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সমন্বয়ে একটি কর্মকৌশল নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসী ভিসা নিয়ে যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেটি খুব সম্প্রতি জানা গেছে। সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট কারণ দেখিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিদ্ধান্তটি গতকালই এসেছে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টারা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে একটি কার্যকর কৌশল নির্ধারণ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে এনগেজ করবেন।

ভিসা বন্ডিং ইস্যুর পরপরই আবার অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্তে বাংলাদেশ টার্গেট হচ্ছে কি না এমন প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, এটি কোনো একটি দেশকে লক্ষ্য করে নয়। যেসব দেশ থেকে তুলনামূলক বেশি মানুষ অভিবাসী হিসেবে যায়, পরে রাজনৈতিক আশ্রয় চায় বা যুক্তরাষ্ট্রের সামাজিক সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, মূলত সেসব দেশের ক্ষেত্রেই এই ধরনের শর্ত ও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। এতে বাংলাদেশের জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং করণীয় কী এসব বিষয় এখন সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

  • মার্কিন ভিসা