বাংলাদেশের একমাত্র জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে ঢাকা–করাচি রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে। এক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এসময় জানানো হয়, আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা, করাচি ও ইসলামাবাদ কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এই রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ঢাকা সফরকালে ঢাকা–করাচি ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনার কথা বলেছিলেন।
এর আগে নিরাপত্তাজনিত কারণে ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়। অন্যদিকে, রাজনৈতিক কারণে ২০১২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবনে আগ্রহ প্রকাশ করেছে। সাম্প্রতিক ব্যবসায়িক চুক্তি এবং চট্টগ্রাম–করাচি শিপিং রুটের উদ্বোধন এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার চলা ফ্লাইটের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৪৮ হাজার থেকে ৫৫ হাজার টাকা।
বিমানের এক কর্মকর্তা জানান, “গত কয়েক মাস ধরে আমরা পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। প্রয়োজনীয় অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। আশা করছি, চলতি মাসেই প্রথম ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।”
পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ) ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানকে প্রাথমিকভাবে তিন মাসের অনুমোদন দিয়েছে।
এছাড়া, ভারতের আকাশসীমা ব্যবহার করে ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় সব অনুমতি পেয়েছে। এতে ফ্লাইটের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
