মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ৩৩৫টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও।
এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
তারিখভিত্তিক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা নিম্নরূপ—
– ২৮ ফেব্রুয়ারি ২০২৬: ২৩টি
– ০১ মার্চ ২০২৬: ৪০টি
– ০২ মার্চ ২০২৬: ৪৬টি
– ০৩ মার্চ ২০২৬: ৩৯টি
– ০৪ মার্চ ২০২৬: ২৮টি
– ০৫ মার্চ ২০২৬: ৩৬টি
– ০৬ মার্চ ২০২৬: ৩৪টি
– ০৭ মার্চ ২০২৬: ২৮টি
– ০৮ মার্চ ২০২৬: ২৮টি
এছাড়া ৯ মার্চ ২০২৬ তারিখে রাত ১২টার (০০০০ LT) পর থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে—
কুয়েত এয়ারওয়েজ (KU) ২টি, এয়ার অ্যারাবিয়া (G9) ৬টি, গালফ এয়ার (GF) ২টি, কাতার এয়ারওয়েজ (QR) ৪টি, এমিরেটস (EK) ৪টি, জাজিরা এয়ারওয়েজ (J9) ৪টি, ফ্লাইদুবাই (FZ) ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (BG) ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (BS) ৪টি ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি সম্পর্কে অবহিত করছে বলে জানা গেছে।
