মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রাম–জেদ্দা রুটে বিমানের বিশেষ ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আকাশসীমা বন্ধ থাকায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর (বিজি-১৩৫) একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটিতে মোট ৪১৯ জন যাত্রী ছিলেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–এর জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আপাতত কেবল বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটটিই ছেড়ে গেছে। অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট শিডিউল সম্পর্কে বিকেল ৫টা পর্যন্ত কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে ইরানে হামলার খবর প্রকাশিত হলে মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনিরাপদ হয়ে পড়ে। এর জেরে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় দেখা দেয়। শনিবার তিনটি বহির্গামী ও তিনটি আগত ফ্লাইট বাতিল করা হয়।

রবিবারও পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়ায় তিনটি বহির্গামী ও সাতটি আগত ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট শিডিউল নিয়ে বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে দ্রুত তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে এসে পৌঁছেছেন, তাদের পরবর্তী শিডিউল নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

  • চট্টগ্রাম-জেদ্দা
  • বিশেষ ফ্লাইট
  • মধ্যপ্রাচ্য