বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিত

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

যুক্তরাষ্ট্র সরকার আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি  পাকিস্তান, আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, ইরান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিলসহ আরও অনেক দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এবিষয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, যাতে তারা ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় ভিসা আবেদনকারীদের আবেদন সমালোচনামূলকভাবে যাচাই করে প্রয়োজন হলে বাতিল করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্যিক উদ্দেশ্যে মার্কিন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান। নতুন সিদ্ধান্তের ফলে এসব যাত্রা স্থগিত হতে পারে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী কঠোর যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে।

‘পাবলিক চার্জ’ আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ভবিষ্যতে মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা গ্রহণ করতে পারেন বলে আশঙ্কা থাকলে তার ভিসা বাতিল করা যাবে। নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, “আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে মূল্যায়ন করব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন কি না। যাদের ক্ষেত্রে এমন আশঙ্কা থাকবে, তাদের ভিসা বাতিল করা হবে।”

চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন এক লক্ষাধিক ভিসা বাতিল করেছিল। নতুন এই স্থগিতাদেশের আওতায় কেবলমাত্র ‘সীমিত ক্ষেত্রে’ ছাড় দেওয়া হবে, যেখানে আবেদনকারী সম্পূর্ণভাবে পাবলিক চার্জের শর্ত পূরণ করতে সক্ষম হবেন।

এর আগে ২০০২ সালের বিধি অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা পাবলিক চার্জের ভিত্তিতে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই নীতির পরিধি বাড়িয়েছিল, যা পরবর্তীতে বাইডেন প্রশাসন আংশিকভাবে বাতিল করে। সর্বশেষ পুনঃমূল্যায়নের অংশ হিসেবেই এবার ৭৫টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করা হলো।

স্থগিতাদেশে থাকা দেশগুলোর হলো আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভূটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

  • মার্কিন ভিসা