বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকারের লক্ষ্য দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বিমান ভাড়া নিয়ে আসা। অচিরেই বিমানের টিকিট সাধারণ মানুষের হাতের নাগালে আসবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মিল্লাত এসব কথা বলেন। তিনি জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোসহ বিমান পরিবহন খাতকে জনবান্ধব করার জন্য।
প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন লোকসানজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তবে আর্থিক ক্ষতির কারণগুলো বিশ্লেষণ করে তা কাটিয়ে ওঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব, এবং এর ফলে টিকিটের মূল্যও কমানো সম্ভব।”
তিনি আরও জানান, বন্ধ হয়ে থাকা আঞ্চলিক বিমানবন্দরগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দর একসময় চালু থাকলেও বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে নতুন কোনো বিভাগীয় বিমানবন্দর স্থাপন করা হলে তা ময়মনসিংহ বিভাগে করার কথাও ভাবা হচ্ছে।
এছাড়া সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
