মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের কার্যক্রম এখনো সীমিত থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ও একটি আগমন ফ্লাইটও বাতিল করা হয়েছে।
তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ৭টি আন্তর্জাতিক আগমন ফ্লাইট এবং ৬টি ডিপার্চার ফ্লাইট মঙ্গলবার সচল ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মঙ্গলবারের ৪টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে ভ্রমণের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
