মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়েছে।
এর প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি (২৩৫৯ লোকাল টাইম পর্যন্ত) মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ (০০০০ LT পরবর্তী) বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিলের সংখ্যা দাঁড়ায় ৪৬টি এবং ৩ মার্চ আরও ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।
৪ মার্চ (০০০০ LT পরবর্তী) নতুন করে মোট ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ (QR) এর ৪টি, কুয়েত এয়ারওয়েজ (KU) এর ২টি, জাজিরা এয়ারওয়েজ (J9) এর ২টি, এয়ার অ্যারাবিয়া (G9) এর ৮টি, এমিরেটস (EK) এর ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (BS) এর ৪টি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত মোট ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে ফ্লাইট পুনঃনির্ধারণ বা টিকিট পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
