কারিগরি ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২০ ঘন্টা আগে

কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের পর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি ত্রুটি মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক সম্পন্ন হয়। পরে রাত ৭টা ৫৫ মিনিটে নিরাপদে বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইটটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে এয়ারলাইন্সটির ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানরা ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।

ফ্লাইটটি আগামী ৩০ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানায়।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ