বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের এগোল বাংলাদেশ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ অগ্রগতি অর্জন করেছে। শক্তিশালী পাসপোর্টের সূচকে ২০০টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ১৮১তম অবস্থানে, যেখানে গত বছর এটি ছিল ১৮২তম।

বিশ্বব্যাপী ভ্রমণ সুযোগ, নাগরিক অধিকার ও কর সুবিধার ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা প্রতিবছর মূল্যায়ন করে আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। শুক্রবার প্রকাশিত ২০২৫ সালের জন্য তাদের সর্বশেষ হালনাগাদ করা সূচকে এই তথ্য উঠে এসেছে।

এবারের প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড।

এ বছরের তালিকায় ৩৮ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্ট ১৮১তম স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৫০টি দেশে ভিসামুক্ত কিংবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এর আগের বছর বাংলাদেশের স্কোর ছিল ৩৭.৫০ এবং তখন ৪৯টি দেশে এই সুবিধা ছিল।

নোমাড ক্যাপিটালিস্টের প্রকাশিত তালিকায় শীর্ষস্থান অর্জনকারী আয়ারল্যান্ড পেয়েছে ১০৯ স্কোর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে সক্ষম।

এছাড়া তালিকায় বাংলাদেশের ঠিক উপরে রয়েছে নেপাল, যার স্কোর ৩৯.৫ এবং নিচে রয়েছে মায়ানমার, যার স্কোর ৩৭.৫। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভারতের অবস্থান ১৪৮তম, স্কোর ৪৭.৫, আর পাকিস্তান রয়েছে ১৯৫তম স্থানে, যার স্কোর ৩২।

  • পাসপোর্ট
  • শক্তিশালী পাসপোর্ট সূচক