মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে স্থবিরতা অব্যাহত রয়েছে। আজও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন (এরাইভাল) এবং ১টি বহির্গমন (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার ২টি আগমন ও ২টি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫টি আগমন এবং ৩টি বহির্গমন ফ্লাইট আজ চালু ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজকের ৮টি বাতিল ফ্লাইটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিয়ে যাত্রীদের ভোগান্তি বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
