বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বাংলাদেশ রুটে পরিচালিত ফ্লাইটে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং অন্যান্য আন্তর্জাতিক রুটের সমমানের সেবা নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এ নির্দেশনা দেওয়া হয়।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করা এবং উড়োজাহাজের অভ্যন্তরীণ পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা এবং যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এয়ারলাইন্সগুলো অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে, বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা দিতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবার মানে বৈষম্য থাকা উচিত নয়।
অন্যদিকে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কোনো কোনো রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। এ প্রেক্ষাপটে ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বেবিচক জানিয়েছে, উড়োজাহাজের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ, মানসম্পন্ন উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাই করতে সংস্থাটি নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।
