দেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন বিষয় বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে সরকার প্রথম অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
মন্ত্রী জানান, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ইতোমধ্যে নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলায় দিনব্যাপী তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী বলেন, একটি বিমানবন্দর নির্মাণে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে ইতোমধ্যে প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণই সরকারের প্রথম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে। প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের বিকাশ এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে দেশের বিমানবন্দরগুলো সচল ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
