জাপানের শর্তে ১৫ বছর বন্ধ থাকবে কুমিল্লা বিমানবন্দর?

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চাপ কমাতে বিকল্প বিমানবন্দর হিসেবে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি দীর্ঘদিনের। তবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে প্রস্তাবিত চুক্তির একটি শর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে কুমিল্লা বিমানবন্দর চালু নিয়ে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর নতুন করে কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করা যাবে না। শাহজালাল বিমানবন্দর থেকে মাত্র ৯২ কিলোমিটার দূরে হওয়ায় এ শর্তের আওতায় পড়তে পারে কুমিল্লা বিমানবন্দর।

প্রস্তাবিত চুক্তির এ শর্তের মূল উদ্দেশ্য জাপানি বিনিয়োগকারীদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা করা। তবে এটি কার্যকর হলে আগামী ১৫ বছর কুমিল্লা বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালুর সুযোগ সীমিত হয়ে পড়তে পারে। ফলে দীর্ঘদিন ধরে বিমানবন্দরটি পুনরায় চালুর যে প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে, তা বাস্তবায়নে নতুন বাধা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে কুমিল্লা বিমানবন্দর থেকে নিয়মিত কোনো যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয় না। তবে বিমানবন্দরটি পুরোপুরি নিষ্ক্রিয় নয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, আইকাও কোড ‘ভিজিসিএম’–এর অধীন এ বিমানবন্দরে ভিওআর, ডিএমই ও এনডিবির মতো নেভিগেশন সুবিধা সচল রয়েছে। আন্তর্জাতিক এয়ার রুট বি-৫৯৩ বিমানবন্দরটির ওপর দিয়ে গেছে। এ রুটে প্রতিদিন ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী প্রায় ২৫ থেকে ৩০টি আন্তর্জাতিক উড়োজাহাজ বিমানবন্দরটির নেভিগেশন সুবিধা ব্যবহার করে।

এ সেবা থেকে সরকারের মাসে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা রাজস্ব আয় হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সে হিসাবে বছরে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ থেকে ৬০ কোটি টাকা। অর্থাৎ যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা না করেও নেভিগেশন সেবার মাধ্যমে উল্লেখযোগ্য রাজস্ব আয় করছে বিমানবন্দরটি।

সংশ্লিষ্টদের মতে, নেভিগেশন সেবা চালু থাকা বিমানবন্দরটিকে ভবিষ্যতে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার উপযোগী করে গড়ে তোলার সুযোগ রয়েছে। যদিও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটির অবকাঠামো এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ ক্ষেত্রে রানওয়ে সংস্কার, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করতে হবে। তবে নতুন করে একটি বিমানবন্দর নির্মাণের তুলনায় বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে কুমিল্লা বিমানবন্দরকে প্রস্তুত করার সুযোগ রয়েছে।

অন্যদিকে, ঢাকার বিমান যোগাযোগের ভবিষ্যৎ সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবার সক্ষমতা বাড়বে। তবে একটি মাত্র রানওয়ের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে ক্রমবর্ধমান উড়োজাহাজ চলাচলের চাপ সামাল দেওয়া কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়া ঢাকার চারপাশে দ্রুত নগরায়ণের কারণে নতুন করে জমি অধিগ্রহণ করে বিমানবন্দর সম্প্রসারণের সুযোগও সীমিত হয়ে আসছে।

একটি নতুন বিমানবন্দর নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, জমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন। এ ক্ষেত্রে বিদ্যমান কুমিল্লা বিমানবন্দরকে প্রয়োজন অনুযায়ী আধুনিকায়ন করে বিকল্প বিমান চলাচল অবকাঠামো হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে।

তবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে প্রস্তাবিত চুক্তির ১০০ কিলোমিটার এলাকার বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত শর্তটি কার্যকর হলে সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে চুক্তির শর্তটি কুমিল্লা বিমানবন্দরের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে এবং জাতীয় বিমান চলাচলের দীর্ঘমেয়াদি সক্ষমতা বিবেচনায় এ বিষয়ে কোনো ব্যতিক্রম বা বিকল্প ব্যবস্থা রাখা হবে কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বিদেশি বিনিয়োগের শর্ত এবং দেশের ভবিষ্যৎ বিমান চলাচলের সক্ষমতা দুইয়ের মধ্যে সমন্বয় কীভাবে করা হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

  • travel based first digital media
  • কুমিল্লা বিমানবন্দর
  • চুক্তি
  • জাপান
  • থার্ড টার্মিনাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শর্ত
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর