মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার-২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে দেশি ও বিদেশি মোট ২২টি ট্যুর অপারেটর অংশ নেয়।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া হাইকমিশনের উদ্যোগে মেলাটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান।
হাইকমিশনার বলেন, মালয়েশিয়া ট্রুলি এশিয়া : ভিজিট মালয়েশিয়া-২০২৬ ইন বাংলাদেশ— এই স্লোগানে আজকের এই আয়োজন করেছি। আমি আমাদের পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং ট্যুরিজম মালয়েশিয়ার প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, ভিজিট মালয়েশিয়া-২০২৬ ক্যাম্পেইনে আমরা বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক প্রত্যাশা করছি। মালয়েশিয়ার ই–ভিসা প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল, সহজ এবং সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন না করে নিজেরাই আবেদন করবেন।কারণ আমরা দেখেছি, বেশিরভাগ সমস্যাই ঘটে যখন তৃতীয় পক্ষ আবেদন করে। আবেদনকালে মূল সঠিক তথ্য দিতে হবে। যদি কোনো অসংগতি পাওয়া যায়, তাহলে নাম ব্ল্যাকলিস্টেড হওয়ার ঝুঁকি থাকে।
মেলায় মালয়েশিয়ান হাইকমিশনার প্রতিটি ট্যুরিজম বুথ ঘুরে দেখেন। বিভিন্ন ট্যুর অপারেটর মালয়েশিয়া ভ্রমণের নানা অফার নিয়ে অংশ নেয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) ওলিভিয়ার লোরোসহ অনান্য অতিথিরা।
