আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার চালু

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১২ ঘন্টা আগে

যাত্রীদের সুবিধার্থে আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৮ অক্টোবর) থেকে এ কাউন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয় কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে। কাউন্টার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

এতে আরও জানানো হয়, বলাকা ভবনের বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দিলে যাত্রীরা টিকিট রিইস্যু করার জন্য আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রাখা হবে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নির্দেশনা থাকলে যথাসময়ে জানানো হবে।

  • বিদেশযাত্রা
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সর্বশেষ
  • হজ