বিমানের রিয়াদগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। অনিবার্য পরিচালনগত কারণে ফ্লাইট দুটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য সংস্থাটির কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইট দুটির বিষয়ে পরবর্তী তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • travel based first digital media
  • বিমান বাংলাদেশে এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • যাত্রা বাতিল
  • রিয়াদ