বিমানের নামে প্রতারণা: গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

সম্প্রতি অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো এবং প্রতিষ্ঠানের কর্মীদের নাম, ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ও অনলাইন ট্রাভেল এজেন্সি গ্রাহকদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার আহবান জানিয়েছে সংস্থাটি।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ,বি,এম, রওশন কবীর এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,প্রতারক চক্রের সদস্যরা বিমানের কর্মী পরিচয় দিয়ে ভিন্ন ভিন্ন নম্বর ব্যবহার করে গ্রাহকদের সাথে যোগাযোগ করে। এসময় প্রতারক চক্রের সদস্যরা গ্রাহকদের আস্থা অর্জন করতে প্রথমে বিমানের বুকিং রেফারেন্স হিসেবে PNR প্রদান করে এবং পরবর্তীতে অর্থ আদায় করে। অর্থ আদায়ের পরে PNR বাতিল করে দেয় অথবা টিকিট নিশ্চিত না করলে একটি নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয় ভাবেই বাতিল হয়ে যায়।গ্রাহকদের অনেকেরই জানা নেই যে, PNR এবং টিকেট এক বিষয় নয়। PNR আসন সংরক্ষণের নিশ্চয়তা দেয় কিন্তু টিকিট ইস্যুর নিশ্চয়তা দেয় না।বিমানে ভ্রমণের জন্য আসন নিশ্চিত করতে টিকিট ইস্যু করা অত্যাবশ্যক। PNR সৃষ্টি করে টিকিট ইস্যু না করলে সেক্ষেত্রে উক্ত PNR যে কোন সময় বাতিল হতে পারে অর্থাৎ যাত্রী বিমানে আরোহণ করতে পারবেন না।

এছাড়া এজেন্ট PNR প্রদান করলে অর্থ লেনদেনের পূর্বেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর নিকটস্থ সেলস্ সেন্টার অথবা কল সেন্টার (১৩৬৩৬)এ যোগাযোগ করে PNR এর সঠিকতা যাচাই করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য,মোবাইল নম্বর ০১৭৪৯৮৮১৯৭৮, ০১৩২২৮৭৮৮৬৩ এবং ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-২০৫০৩১০০২০১৮৮০২১১, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-০১৩৯১৪৩০০০০০২১৫ ব্যবহার করে ইতোমধ্যে প্রতারক চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের প্রতারণা এড়িয়ে চলার জন্য সম্মানিত যাত্রী সাধারণকে বিমানের নিকটস্থ সেলস্ অফিস, বিমানের ওয়েব সাইট, কল সেন্টার, বিমান/IATA অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয়ের জন্য অনুরোধ করা হল।

ইতোমধ্যে কেউ প্রতারণার শিকার হয়ে থাকলে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স