২০২৫ সালের ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস’-এ সারা বিশ্বের প্রায় সাড়ে সাত লাখেরও বেশি ভ্রমণপিপাসু অংশ নিয়ে তাদের মূল্যবান মতামত দিয়েছেন। অতুলনীয় আরাম, অনন্য সেবার মান ও সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে যাত্রীদের হৃদয় জয় করা বিমান সংস্থাগুলোর হাতেই উঠে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।
প্রতি বছর বিশ্বের লাখো ভ্রমণপ্রেমী তাদের পছন্দের এয়ারলাইন্সের পক্ষে ভোট দিয়ে প্রকাশ করেন মতামত। ২০২৫ সালের ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস’-এ অংশ নিয়েছেন প্রায় সাড়ে সাত লাখেরও বেশি যাত্রী।
এশিয়ার আকাশজয়ী তারকারা
এশিয়ার আকাশপথে আধিপত্য এখনো অপরিবর্তিত— আবারও শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আকাশ ভ্রমণকে তারা যেন এক অনন্য শিল্পে রূপ দিয়েছে। শান্ত ও পরিমিত পরিবেশ, নিখুঁত সেবা, আর আরামদায়ক কেবিন— সব মিলিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যাত্রা মানেই এক বিশেষ অভিজ্ঞতা। নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরের টানা ১৯ ঘণ্টার ফ্লাইটটি এখনও বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বিমানযাত্রার রেকর্ড ধরে রেখেছে।
এর পরেই রয়েছে কাতার এয়ারওয়েজের অবস্থান, যাদের বিশ্বমানের বিজনেস ক্লাস ‘কিউসুইট’ (QSuite) যাত্রীদের কাছে বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের নতুন সংজ্ঞা তৈরি করেছে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এবং জাপান এয়ারলাইন্স (জেএএল) তাদের ভদ্র ও পেশাদার কর্মী, পাশাপাশি চমৎকার সেবার মানের জন্য বিশেষভাবে প্রশংসিত। অন্যদিকে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ারও উদ্ভাবনী সেবা ও নিখুঁত যাত্রী অভিজ্ঞতার মাধ্যমে এশিয়ার আকাশে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।
মধ্যপ্রাচ্যের বিমানের রাজা
মধ্যপ্রাচ্যের আকাশে এখনো অপ্রতিদ্বন্দ্বী এমিরেটস। দুবাইভিত্তিক এই এয়ারলাইনটি বিলাসিতা ও আরামের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাদের বিশাল এয়ারবাস A380 বিমানে রয়েছে অনবোর্ড বার, প্রথম শ্রেণির যাত্রীদের জন্য গোসলের বিশেষ ব্যবস্থা এবং হাজারো চ্যানেলের সমৃদ্ধ বিনোদন সুবিধা— যা ভ্রমণকে করে তোলে এক অনন্য অভিজ্ঞতা। অন্যদিকে টার্কিশ এয়ারলাইন্স তার বিস্তৃত গন্তব্য নেটওয়ার্ক ও মুখরোচক খাবারের কারণে যাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
উত্তর আমেরিকার বুটিক বিস্ময়
যদিও বিশ্বের শীর্ষ দশে উত্তর আমেরিকার কোনো প্রধান বিমান সংস্থা স্থান পায়নি, তবুও একটি বুটিক এয়ারলাইন্স—’লা কোম্পানি’ সবচেয়ে বেশি নজর কেড়েছে। এটি একটি অল–বিজনেস–ক্লাস এয়ারলাইন, যেখানে যাত্রীরা তুলনামূলকভাবে কম খরচে বিলাসবহুল সেবা ভোগ করতে পারেন।
ইউরোপের আকাশজয়ী
ইউরোপের সেরা বিমান সংস্থাগুলো ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সমন্বয় সৃষ্টি করেছে। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তার বিলাসিতা ও আভিজাত্যের জন্য খ্যাত। নেদারল্যান্ডসের কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স যদিও বিশ্বের অন্যতম প্রাচীন বিমান সংস্থা, আধুনিক সেবা ও আরামের মাধ্যমে যাত্রীদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। আর যুক্তরাজ্যের ভার্জিন আটলান্টিক তারুণ্যপূর্ণ উড়ান এবং আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য বিশেষভাবে জনপ্রিয়।
ওশেনিয়ার আকাশের শীর্ষে যারা
অস্ট্রেলিয়ার কোয়ান্টাস আবার প্রমাণ করেছে যে দীর্ঘতম ফ্লাইটও হতে পারে আরামদায়ক ও স্টাইলিশ। তারা সিডনি থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ২০ ঘণ্টার বিরতিহীন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডের এয়ার নিউজিল্যান্ড তাদের সৃজনশীল ‘স্কাইকাউচ’ সুবিধার জন্য খ্যাত, যেখানে ইকোনমি সিটকে সহজেই একটি আরামদায়ক ছোট বিছানায় রূপান্তর করা যায়।
একনজরে আকাশপথের শীর্ষস্থানীয় ১৫ এয়ারলাইন্স
১. সিঙ্গাপুর এয়ারলাইন্স (সিঙ্গাপুর): অতুলনীয় পরিষেবা, আরামদায়ক আসন এবং বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের জন্য শীর্ষে।
২. কাতার এয়ারওয়েজ (কাতার): বিখ্যাত ‘কিউসুইট’ বিজনেস ক্লাস এবং আধুনিক বিমানবহরের জন্য শীর্ষ ‘দুইয়ে‘ জায়গা করে নিয়েছে।
৩. এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত): বিলাসবহুল বিমান, অনবোর্ড বার এবং শাওয়ারের জন্য পরিচিত।
৪. টার্কিশ এয়ারলাইন্স (তুরস্ক): বিশাল নেটওয়ার্ক, বিনামূল্যে স্টপওভার প্রোগ্রাম এবং চমৎকার খাবারের জন্য যাত্রীদের কাছে জনপ্রিয়।
৫. লা কোম্পানি (ফ্রান্স): অল–বিজনেস–ক্লাস এয়ারলাইন, সাশ্রয়ী মূল্যে বিলাসবহুল পরিষেবার জন্য জায়গা করে নিয়েছে শীর্ষ পাঁচে।
৬. ভার্জিন আটলান্টিক (যুক্তরাজ্য): প্রাণবন্ত স্টাইল এবং আরামদায়ক প্রিমিয়াম ইকোনমি ক্লাসের জন্য বিখ্যাত।
৭. কোরিয়ান এয়ার (দক্ষিণ কোরিয়া): আধুনিক বিমানবহর এবং বিখ্যাত কে–পপ ব্যান্ড বিটিএস–এর সেফটি ভিডিওসহ সৃজনশীল অভিজ্ঞতার জন্য সমাদৃত।
৮. ক্যাথে প্যাসিফিক (হংকং): বিশেষভাবে তৈরি ক্রাফট বিয়ার এবং বিলাসবহুল প্রথম শ্রেণির জন্য পরিচিত।
৯. জাপান এয়ারলাইন্স (জেএএল) (জাপান): প্রশস্ত লেগরুম, মানসম্পন্ন খাবার এবং পরিবার–বান্ধব পরিষেবা।
১০. এএনএ (অল নিপ্পন এয়ারওয়েজ) (জাপান): বন্ধুত্বপূর্ণ পরিষেবা এবং আরামের জন্য বিশ্বজুড়ে খ্যাত।
১১. এয়ার নিউজিল্যান্ড (নিউজিল্যান্ড): উদ্ভাবনী ‘স্কাইকাউচ’ ফিচার এবং বন্ধুত্বপূর্ণ পরিষেবার জন্য প্রশংসিত।
১২. ইভা এয়ার (তাইওয়ান): নিখুঁত পরিষেবা এবং আরামের জন্য যাত্রীদের কাছে জনপ্রিয়।
১৩. কোয়ান্টাস এয়ারওয়েজ (অস্ট্রেলিয়া): দীর্ঘ দূরত্বের ফ্লাইটে যাত্রীদের আরাম ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে, সাথে তাদের খাবারের মেনু তৈরি করেন বিশ্বখ্যাত শেফরা।
১৪. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (সুইজারল্যান্ড): নতুন বিমানে রয়েছে ব্যক্তিগত স্যুট এবং বিশেষ আলোর ব্যবস্থা, যা জেট ল্যাগ কমাতে সহায়ক।
১৫. কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স (নেদারল্যান্ডস): বিশ্বের অন্যতম প্রাচীন বিমান সংস্থা, যার নতুন এবং আরামদায়ক আসনের জন্য যাত্রীদের নিকট বিশেষভাবে প্রশংসিত।
