নতুন তিন উড়োজাহাজ যুক্ত হচ্ছে এয়ার অ্যাস্ট্রার বহরে

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

দেশীয় বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এর মাধ্যমে এয়ারলাইন্সটি দেশীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক রুটে প্রবেশের পরিকল্পনা করছে।

জানা যায়, এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন করে যুক্ত হতে যাওয়া তিনটি উড়োজাহাজ ATR-72 600 মডেলের যা লিজের ভিত্তিতে সংগ্রহ করা হবে।

নতুন বিমান যুক্ত হলে সংস্থাটি প্রথমে ডোমেস্টিক রুটে ফ্লাইট পরিচালনা ও সংখ্যা বৃদ্ধি করবে। কারণ প্রতিষ্ঠানটি এ বছরের অক্টোবরের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে চায়।

একই সঙ্গে এয়ারলাইন্সটি অক্টোবর থেকেই আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আন্তর্জাতিক গন্তব্য হিসেবে তারা নেপালের কাঠমান্ডু ও পোখারা রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া নতুন উড়োজাহাজ পাওয়ার পর ধাপে ধাপে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে লিজের মাধ্যমে নতুন বিমান হাতে পাওয়ার পর এয়ার অ্যাস্ট্রা নেপাল ছাড়াও কুয়ালালামপুর, ব্যাংকক ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু করার উদ্যোগ নেবে।

এয়ার অ্যাস্ট্রার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশীয় বিমান চলাচল খাতে প্রতিযোগিতা বাড়বে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনেও নতুন একটি দেশীয় সংস্থার অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • এয়ার অ্যাস্ট্রা