মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে মোট ৪৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ১২৪টি, ১ মার্চ ১১২টি, ২ মার্চ ৯০টি এবং ৩ মার্চ ১০৪টি ফ্লাইট ওঠানামা করেছে। এ সময়ে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও আঞ্চলিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা অব্যাহত ছিল।
মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট বাতিল হলেও বিকল্প রুটে আন্তর্জাতিক সংযোগ বজায় রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ এস এম (ফ্লাইট ম্যানেজমেন্ট) স্কোয়াড্রন লিডার মাসুদ বলেন, “মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। যেসব ফ্লাইট বাতিল হয়েছে, সেসব ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। যাদের রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল ফ্লাইটের যাত্রীদের সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইট সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে হবে।
এমন পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে ভ্রমণ পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।
