বিমানবন্দর ও আশেপাশের এলাকায় হর্ণ বাজালে কঠোর শাস্তি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নিষেধাজ্ঞার আওতায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও রয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জানানো হয়। চলতি মাসের ২৫ তারিখ থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত সেপ্টেম্বর ২০২৫ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর–দক্ষিণে দেড় কিলোমিটার অংশ (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত)  এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।

সড়ক পরিবহন আইন–২০১৮ ও সদ্য প্রণীত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০২৫’ অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, অথবা তিন মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে।

ডিএমপির বার্তায় জানানো হয়েছে, ঘোষিত নীরব এলাকাগুলোতে শান্ত পরিবেশ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ নিয়মিত নজরদারি চালাবে। কেউ আইন ভেঙে হর্ন বাজালে তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

  • Travel based 1st digital media
  • ডিএমপি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর