বোমা শনাক্তকরণে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে মহড়া

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বোমা শনাক্তকরণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এই মহড়া চালায়।  সোমবার (২ ফেব্রুয়ারি) মহড়াটি সম্পন্ন হলেও বিষয়টি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের আরএ-৩ পুনঃযাচাই অডিট উপলক্ষে আয়োজিত এ মহড়ায় অংশ নেয় সিটিটিসির ক্যানাইন টিমের বিস্ফোরক শনাক্তকারী কুকুর।

সিটিটিসি সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও এ অডিট ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। অডিট কার্যক্রমে অংশ নেয় ক্যানাইন টিমের ২০টি বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুর এবং ৪০ জন প্রশিক্ষিত হ্যান্ডলার (ইডিডি)।

অডিটে ক্যানাইন টিমের কুকুর ও হ্যান্ডলারদের দক্ষতা এবং পেশাদারিত্বে সন্তুষ্টি প্রকাশ করেছে ইইউ ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ। সফলতার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের সনদপত্র প্রদান করা হয়।

ডিএমপির ক্যানাইন টিমের এ অর্জন দেশীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এ স্বীকৃতি টিমটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর এবং দক্ষ ইউনিট হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

  • বেবিচক
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর