কারিগরি ত্রুটি সারানোর পর অবশেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকাগামী ফ্লাইট বিজি-৩০৬। বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারিগরি ত্রুটি নিরসন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোম থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হওয়ায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রী ও স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বোসরা ইসলাম বলেন, “সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।”
রোমে কারিগরি ত্রুটিতে আটকা আড়াই শতাধিক যাত্রী
এর আগে শুক্রবার (৭ আগস্ট) টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সোয়া ৭টার দিকে রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
জ্বালানি নেওয়ার পর ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়নের কথা থাকলেও উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ায় ফ্লাইটটি আর নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে ফ্লাইটে থাকা আড়াই শতাধিক যাত্রী রোম বিমানবন্দরে দীর্ঘ সময় আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে যাত্রীদের ঢাকায় ফেরানোর ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী যাত্রীরা।
পরবর্তীতে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামত ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়। নিরাপত্তা যাচাই শেষে উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে কয়েক দিন ধরে চলা যাত্রীদের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
