বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আকর্ষণীয় কক্সবাজার ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে। সর্বনিম্ন মাত্র ২৩২৩ টাকার মাসিক কিস্তিতে তিন দিন দুই রাতের এই প্যাকেজ সুবিধা পাওয়া যাবে। অফারটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
সংস্থাটি জানায়, এই প্যাকেজ উপভোগ করতে হলে ন্যূনতম দুই জনের জন্য বুকিং করতে হবে। প্যাকেজের আওতায় রয়েছে কক্সবাজার যাওয়া-আসার বিমান টিকেট (সব ধরনের ট্যাক্সসহ), নির্ধারিত হোটেলে থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা।
ভ্রমণকারীরা ছয় মাসের কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এই প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। এ জন্য দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার। সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্যাকেজের আওতায় ভ্রমণকারীরা কক্সবাজারের ১৭টি জনপ্রিয় হোটেলের মধ্যে পছন্দ অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারবেন। হোটেলের ধরন ও কক্ষের মান অনুযায়ী প্যাকেজের মূল্য পরিবর্তিত হবে। তালিকায় রয়েছে হোটেল সী প্যালেস, উইন্ডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস, সীগাল হোটেল, রামাদা, সি পার্ল বিচ রিসোর্টসহ আরও বেশ কিছু হোটেল।
বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল করা বা নভোএয়ারের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
