বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তর্জাতিক ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজ করতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে মঙ্গলবার সেনাসদরে এই সমঝোতাপত্রে স্বাক্ষর হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষে বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদ্যমান রুটের বাইরে থাকা গন্তব্যগুলোতে প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা গ্রহণ করা যাবে।
এই উদ্যোগের ফলে সেনা সদস্যদের আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় কমবে এবং স্বল্প খরচে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমান সংস্থার সেবা নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিদেশে দায়িত্ব পালন ও মিশন মোতায়েনের সময় সেনাবাহিনীর গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ সমঝোতা বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালন দক্ষতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
