সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

এদিকে ঢাকা–মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

  • travel based first digital media
  • দাম্মাম
  • ফ্লাইট স্থগিত
  • বিমান বাংলাদেশে এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • রিয়াদ
  • সৌদি আরব
  • সৌদি সংকট