নভোএয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অনৈতিক প্রচারণা ছড়িয়ে পড়ায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের সব নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত পদের বিপরীতে আবেদন করতে হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গণমাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভোএয়ারের নিয়োগসংক্রান্ত সব কার্যক্রম শুধুমাত্র মানবসম্পদ বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হয়। ফলে চাকরিপ্রার্থীদের বিভ্রান্তিকর কোনো প্রচারণায় বিশ্বাস না করে প্রতিষ্ঠানের অফিসিয়াল যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
নভোএয়ার কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হলে এর দায় প্রতিষ্ঠান নেবে না।
চাকরিপ্রার্থীদের উদ্দেশে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নভোএয়ারের অফিসিয়াল মাধ্যমকেই একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করতে হবে।
