দেশের পর্যটন ও বিমান চলাচল খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬’-এ ‘সেরা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ হিসেবে পুরস্কৃত হয়েছে Turkish Airlines। রাজধানীর বনানীতে অবস্থিত Sheraton Dhaka-এ রোববার আয়োজিত জমকালো অনুষ্ঠানে এয়ারলাইন্সটির কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ আয়োজন করে। আয়োজকদের মতে, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার অর্জন করেছে তার্কিশ এয়ারলাইন্স।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রুটে যাত্রীসেবায় ধারাবাহিক মান বজায় রেখে বাংলাদেশের এভিয়েশন খাতে বিশেষ অবস্থান তৈরি করেছে এয়ারলাইন্সটি। বিশেষ করে কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ ও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। টোয়াবের সভাপতি রাফিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিমান ও পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, কূটনৈতিক প্রতিনিধি এবং উদ্যোক্তারা অংশ নেন।
এদিকে দেশীয় ক্যাটাগরিতে ‘সেরা ডোমেস্টিক এয়ারলাইন্স’ হিসেবে পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
