মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ ১ মার্চ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি এই এয়ারলাইন্সটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোতে অপারেশনাল পরিস্থিতি অনুকূলে থাকায় নিয়মিত ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইটের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা ও ফ্লাইট পরিচালনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হলে এসব রুটে পুনরায় ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
