পর্যটন খাতের উন্নয়নে ১,৪৯৮ স্থান নিয়ে সরকারের মহাপরিকল্পনা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার সবার জন্য বিশুদ্ধ বায়ু, নিরাপদ ভ্রমণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চায়।

শনিবার রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অপরিহার্য। এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

তিনি বলেন, বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় এ লক্ষ্য অর্জনের অন্যতম বড় চ্যালেঞ্জ।

পর্যটন মানুষকে প্রকৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে উল্লেখ করে মন্ত্রী পাহাড়, উপকূলীয় অঞ্চল, নদ-নদী, হাওর, বনভূমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার আহ্বান জানান তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এ পরিকল্পনা দেশের পর্যটন খাতের দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘মিডিয়া রান-২০২৬’ আয়োজন প্রসঙ্গে মন্ত্রী কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রেও এ ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

‘পর্যটনের জন্য দৌড়, নির্মল বায়ুর জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।

সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়। পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

  • ট্যুরিজম
  • পর্যটন
  • সর্বশেষ