থার্ড টার্মিনাল চালাতে জাপানের সঙ্গে চুক্তি সোমবার

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ ঘন্টা আগে

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। টার্মিনালটি পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৩০ নভেম্বর রাজধানীতে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিস্তারিত তুলে ধরবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। পরদিন সোমবার(৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। এর আগে পরিচালনা ও আর্থিক কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা ও দরকষাকষি চলে।

চুক্তির কয়েকটি শর্ত নিয়ে এর আগে আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং আগামী ১৫ বছর ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচিত হয়।

সংসদীয় কমিটির বৈঠকে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের অবকাঠামো ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে প্রশ্ন তোলা হয়। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির তুলে ধরে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামোর ব্যবহার সীমিত হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও বিতর্ক ছিল। প্রাথমিক সমঝোতা অনুযায়ী, বাংলাদেশের রাজস্বের অংশ পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল পরিশোধের শর্ত নিয়েও আলোচনা হয়।

আধুনিক এ টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্ট, অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট এবং ১০০টি চেক-ইন কাউন্টার। এ ছাড়া রয়েছে ১০টি সেলফ চেক-ইন কিয়স্ক। এসব কিয়স্কে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস সংগ্রহ করা যাবে।

এ ছাড়া যাত্রীদের অবসর কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইন্স লাউঞ্জ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুবিধা যুক্ত হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান ও সক্ষমতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে টার্মিনালে স্থাপন করা হয়েছে বেবি কেয়ার লাউঞ্জ, ব্রেস্টফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা, ফ্যামিলি বাথরুম ও শিশুদের খেলার ব্যবস্থা। পাশাপাশি রয়েছে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, ফার্স্ট এইড রুম ও আইসোলেশন এলাকা। দীর্ঘ পথ চলাচলে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য রাখা হয়েছে স্ট্রেইট এস্কেলেটর।

  • থার্ড টার্মিনাল