বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুতে প্রধানমন্ত্রীর সম্মতি

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২১ ঘন্টা আগে

বগুড়া বিমানবন্দর সচল করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী মৌখিক সম্মতি দিয়েছেন। একই সঙ্গে বেসরকারি বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ফ্লাইট চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ায় একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

তিনি জানান, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে সময়সাপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাই আপাতত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বেসরকারি বিমান সংস্থাগুলোর মাধ্যমে ফ্লাইট পরিচালনার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হলে তিনি সম্মতি জানান।

সংসদ সদস্য বলেন, বগুড়ার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠকে বগুড়ার সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে বিমানবন্দর চালুর বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিমানবন্দর চালুর প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রানওয়ে সম্প্রসারণ এবং একটি টার্মিনাল নির্মাণের প্রয়োজন হতে পারে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন সম্পন্ন হলে রানওয়ে ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা যাবে।

সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করা গেলে বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরুর পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • অভ্যন্তরীণ ফ্লাইট
  • বগুড়া বিমানবন্দর
  • বিমানবন্দর
  • সর্বশেষ