মিডিয়া ও ভ্রমণ খাতকে সঙ্গে নিয়ে ঢাকায় শ্রীলঙ্কার রোড শো

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঢাকায় প্রথমবারের মতো বড় পরিসরে ট্যুরিজম রোড শো আয়োজন করতে যাচ্ছে Sri Lanka Tourism Promotion Bureau (এসএলটিপিবি)। আগামী ৫ ও ৬ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সহযোগিতা আরও জোরদার করা।

আয়োজনের প্রথম দিন ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে মিডিয়া নেটওয়ার্কিং সেশন। এতে দেশের ৪০টিরও বেশি শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন। সেশনে শ্রীলঙ্কার পর্যটন খাতের বিভিন্ন দিক—অবকাশ যাপন, সাংস্কৃতিক ঐতিহ্য, ওয়েলনেস ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চার ভ্রমণ—উপস্থাপন করা হবে। আয়োজকদের আশা, এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে শ্রীলঙ্কা নিয়ে ইতিবাচক প্রচারণা বাড়বে।

দ্বিতীয় দিন ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে রোড শো (বি২বি) ও নেটওয়ার্কিং ইভেন্ট। এতে প্রায় ১৫০ জন বাংলাদেশি ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর অংশ নেবেন। এই আয়োজন দুই দেশের পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াবে এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন Buddhika Hewawasam, চেয়ারম্যান, এসএলটিপিবি। তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়ার সহকারী পরিচালক Shirani Herath। প্রতিনিধি দলে শ্রীলঙ্কার ১৯টি শীর্ষ পর্যটন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৫৯,৫৬৩ জন পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন, যা মোট পর্যটকের প্রায় ৩ শতাংশ। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ইতোমধ্যে ১১,০৭৯ জন বাংলাদেশি শ্রীলঙ্কা সফর করেছেন। এতে বোঝা যায়, বাংলাদেশি পর্যটকদের মধ্যে শ্রীলঙ্কা ভ্রমণের আগ্রহ ক্রমেই বাড়ছে।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় এসএলটিপিবি। একই সঙ্গে শ্রীলঙ্কাকে একটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে তুলে ধরা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য।

  • চেক ইন
  • ট্যুরিজম
  • বাংলাদেশ
  • ভ্রমণ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • রোডশো
  • শ্রীলঙ্কা