মাংসপ্রেমীদের জন্য রাজধানীতে শুরু হয়েছে বিশেষ খাবারের উৎসব ‘মিট কার্নিভাল’। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় বেঙ্গল মিটের সহযোগিতায় আয়োজিত এ উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বুফে ডিনারে অতিথিরা উপভোগ করতে পারবেন দেশীয় ও আন্তর্জাতিক নানা স্বাদের মাংসের পদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার পাশাপাশি থাকছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় মাংসের খাবার।
উৎসবের মেনুতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মেজবানি স্বাদের বিফ ব্যাক লেগ রোস্ট, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ইতালিয়ান ঘরানার ওসো বুকো, হোল ল্যাম্ব উজি এবং প্রিমিয়াম কোল্ড কাট। এ ছাড়া অতিথিদের জন্য রন্ধনশিল্পীদের তৈরি আরও বেশ কিছু বিশেষ পদ পরিবেশন করা হবে।
খাবারের বৈচিত্র্য ধরে রাখতে ডেজার্টেও রাখা হয়েছে ব্যতিক্রমী আয়োজন। মেনুতে রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্ক, যা উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।
আয়োজন প্রসঙ্গে আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার বলেন, “মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার অতিথিদের সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উন্নতমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”
উৎসবের মাংস সরবরাহের দায়িত্বে রয়েছে বেঙ্গল মিট। প্রতিষ্ঠানটি বুফের বিভিন্ন পদের জন্য মাংস সরবরাহ করছে।
মিট কার্নিভালে বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮ হাজার ৯৯৯ টাকা নেট। পাশাপাশি নির্ধারিত অংশগ্রহণকারী ব্যাংকের কার্ডধারীদের জন্য শর্তসাপেক্ষে ডাইন ৪ পে ১, ডাইন ৩ পে ১ এবং ডাইন ২ পে ১ সুবিধা রাখা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় আয়োজিত এ উৎসবে অংশ নিতে আগ্রহীদের আগাম টেবিল বুকিংয়ের জন্য হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
