হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া ৯৯ দশমিক ৯৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় কয়েক দিনের অনুসন্ধান শেষে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
নওশাদ খানের দেওয়া তথ্য অনুযায়ী, তৌহিদ নামের এক প্রবাসী বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের কাস্টমস এলাকায় তাঁর পকেট থেকে স্বর্ণভর্তি একটি ছোট ব্যাগ পড়ে যায়। বিষয়টি তিনি বুঝতে পারেন কিছুক্ষণ পর। এর মধ্যে পেছনে থাকা রুহুল নামের আরেক প্রবাসী জুতার ফিতা বাঁধার ভান করে ব্যাগটি তুলে নেন। পরে সেটি নিজের পকেটে রেখে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন।
স্বর্ণ হারানোর বিষয়টি বুঝতে পেরে তৌহিদ কাস্টমস ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহযোগিতা চান। প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যাগটি অন্য এক ব্যক্তি নিয়ে গেছেন বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। তবে ঘটনাস্থলের ক্যামেরায় ওই ব্যক্তির চেহারা স্পষ্ট না হওয়ায় তাঁকে শনাক্ত করতে বেগ পেতে হয়।
পরে গোয়েন্দা সংস্থা ও এভসেকের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করেন। তাঁর ছবি ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগের সহযোগিতায় পাসপোর্টের তথ্য এবং জরুরি যোগাযোগ নম্বর সংগ্রহ করা হয়। তবে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তী সময়ে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় রুহুলের ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। এয়ারপোর্ট থানার সহযোগিতায় মেঘনা থানা পুলিশের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এ সময় স্বর্ণ ফেরত না দিলে পাসপোর্ট ব্লক করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরিবারের সদস্যদের মাধ্যমে সিসিটিভি ফুটেজের বিষয়টি জানার পর নিজের ভুল স্বীকার করেন রুহুল। পরে তিনি স্বর্ণ ফেরত দিতে সম্মত হন। শেষ পর্যন্ত কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসন, মেঘনা থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সহযোগিতায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
ফেসবুক পোস্টে নওশাদ খান বিমানবন্দরের এভসেক, কাস্টমস, গোয়েন্দা সংস্থা, ইমিগ্রেশন বিভাগ, এয়ারপোর্ট থানা এবং মেঘনা থানা পুলিশের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ঘটনায় বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রাফির সক্রিয় ভূমিকারও বিশেষ প্রশংসা করেন তিনি।
নওশাদ খান বলেন, বিমানবন্দরের অধিক্ষেত্রের বাইরে গিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ উদ্ধারের চেষ্টা করা হয়েছে। এতে একজন প্রবাসীর বহু বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে কেনা স্বর্ণ তাঁর কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ, তথ্য বা পরামর্শ জানানোর জন্য ২৪ ঘণ্টার হটলাইন ১৩৬০০ চালু রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পাশাপাশি যাত্রীদের বৈধ অধিকার ক্ষুণ্ন হলে বা সেবা পেতে হয়রানির শিকার হলে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের এক নম্বর গেটের পাশে অবস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ জানানোর আহ্বান জানান। আদালতটি সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকে বলে জানান তিনি।
