এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার নিয়ে কর্মশালা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১২ ঘন্টা আগে

এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার নিয়ে কর্মশালা

বাংলাদেশের এভিয়েশন খাতে গ্রাউন্ড অপারেশন সম্পর্কে তরুণদের ধারণা দেওয়া এবং এ খাতে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে জানাতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে এভিয়েশন ডট কম ডট বিডি।

‘ইন্ট্রোডাকশন টু এভিয়েশন গ্রাউন্ড অপারেশন’ শীর্ষক কর্মশালাটি শুক্রবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশের বিমানবন্দর অবকাঠামো ও এভিয়েশন কার্যক্রমে সাম্প্রতিক পরিবর্তন ও সম্প্রসারণের ফলে এ খাতে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বাড়ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে নতুন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং বিমানবন্দরকেন্দ্রিক বিভিন্ন সেবার সম্প্রসারণের বিষয়গুলোও এ পরিবর্তনের অংশ।

কর্মশালার প্রথম পর্বে এভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রফেশনাল মো. হারুনুর রশিদ এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের ওপর প্রাথমিক প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে বিমান অবতরণের পর থেকে পুনরায় উড্ডয়ন পর্যন্ত গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন কার্যক্রম, যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড অপারেশন ও অন্যান্য গ্রাউন্ড সাপোর্ট কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে বক্তব্য দেন এভিয়েশন খাতে ৩৭ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মিসবাহ আল আহমেদ মজুমদার। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন ও এভিয়েশন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি নিজের ক্যারিয়ার যাত্রা, এভিয়েশন খাতের পরিবর্তন, সম্ভাব্য ক্যারিয়ার পথ এবং নিয়োগদাতাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এ খাতে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা নিয়েও তিনি দিকনির্দেশনা দেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় এভিয়েশন ডট কম ডট বিডির কয়েকটি নতুন উদ্যোগেরও ঘোষণা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য প্রতিষ্ঠানটির আসন্ন ‘এয়ারপোর্ট অ্যান্ড এয়ারলাইন গ্রাউন্ড অপারেশন ফাউন্ডেশন কোর্সে’ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া এভিয়েশন ডট কম ডট বিডি ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান M360ICT-এর অংশীদারত্বে Jobs360.aviation.com.bd নামে একটি বিশেষায়িত ক্যারিয়ার প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি এভিয়েশন, পর্যটন ও হসপিটালিটি খাতের নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে নিয়োগদাতাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল খুঁজে পেতে সহায়তা করবে।

এভিয়েশন, পর্যটন ও হসপিটালিটি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের জ্ঞান ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘প্রজেক্ট: প্রমিথিউস’ নামে আরেকটি উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষক ও মেন্টর হিসেবে যুক্ত হওয়ার সুযোগ তৈরিতে কাজ করবে এভিয়েশন ডট কম ডট বিডি।

এভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, “দেশে থার্ড টার্মিনাল, বগুড়া এয়ারপোর্ট, কক্সবাজার এয়ারপোর্টসহ বিভিন্ন এয়ারপোর্ট এবং এভিয়েশন হাবের যে উন্নয়ন হচ্ছে, তা কেবল কাঠামোগত উন্নয়ন হলেও মূল দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমরা এখনো পিছিয়ে। গ্রাউন্ড হ্যান্ডলিং ও অপারেশনসহ অন্যান্য কাজে দক্ষ জনশক্তি তৈরিতে তরুণদের নিয়ে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেক ইন।

অনুষ্ঠানের শেষে বিশেষ বক্তা মিসবাহ আল আহমেদ মজুমদার, বাংলাদেশ এভিয়েশন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, ইভেন্ট সাপোর্ট পার্টনার M360ICT এবং মিডিয়া পার্টনার চেক ইন-এর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে কর্মশালায় অংশ নেওয়া ২৫ জন অংশগ্রহণকারীর মধ্যে সনদ বিতরণ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, এভিয়েশন খাতে দক্ষতা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের এ শিল্পের বিভিন্ন সম্ভাবনার সঙ্গে পরিচিত করতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, জ্ঞান বিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

  • এভিয়েশন
  • এভিয়েশন ডট কম ডট বিডি
  • চেক ইন
  • সর্বশেষ