ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ইস্তাম্বুলে বিনামূল্যে হোটেলে থাকার সুবিধা দিচ্ছে টার্কিশ এয়ারলাইনস। যোগ্য যাত্রীরা সংযোগকারী ফ্লাইটের মধ্যবর্তী সময়ে ইস্তাম্বুলে অবস্থান করে শহরটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
এ সুবিধা ‘স্টপওভার’ কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে। কর্মসূচি অনুযায়ী, ইকোনমি শ্রেণির যাত্রীরা এক রাত চার তারকা হোটেলে বিনামূল্যে থাকার সুযোগ পাবেন। অন্যদিকে বিজনেস শ্রেণির যাত্রীরা দুই রাত পাঁচ তারকা হোটেলে থাকতে পারবেন। উভয় ক্ষেত্রেই সকালের নাশতা অন্তর্ভুক্ত থাকবে।
তবে এ সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। যাত্রীদের ইস্তাম্বুল বিমানবন্দর হয়ে যোগ্য রাউন্ড-ট্রিপ ভ্রমণ করতে হবে। যাত্রার শুরু ও ফেরার দেশ একই হতে হবে এবং ইস্তাম্বুলে সংযোগের সময় কমপক্ষে ২০ ঘণ্টা হতে হবে।
যোগ্য যাত্রীরা তাদের যাত্রার পথে—গন্তব্যে যাওয়ার সময় অথবা ফেরার পথে—একবার এই বিনামূল্যের হোটেল সুবিধা নিতে পারবেন। কেউ চাইলে আরও কয়েক রাত অবস্থান করতে পারবেন। এ ক্ষেত্রে বিশেষ হারে প্রতি রাত ৪৯ মার্কিন ডলার থেকে অতিরিক্ত থাকার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।
ইস্তাম্বুলে থাকার জন্য প্রয়োজনীয় ভিসা, বিমানবন্দর থেকে হোটেল ও শহরে যাতায়াতের খরচ যাত্রীকেই বহন করতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড বা শেনজেনভুক্ত দেশের বৈধ ভিসাধারীরা নির্ধারিত যোগ্যতা ও প্রযোজ্য ফি সাপেক্ষে তুরস্কের ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।
স্টপওভার সুবিধা নিতে হলে প্রথম ফ্লাইটের অন্তত ৭২ ঘণ্টা আগে আবেদন করতে হবে। এ জন্য টার্কিশ এয়ারলাইনসের অনলাইন স্টপওভার সিস্টেম ব্যবহার করা যাবে। বাংলাদেশ থেকে যাত্রীরা এয়ারলাইনসটির নির্ধারিত যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
এই উদ্যোগের ফলে তুরস্কে চূড়ান্ত গন্তব্য না থাকলেও টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতকারী যাত্রীরা সংযোগের সময় ইস্তাম্বুলে অবস্থান ও শহরটি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন।
