অভিবাসন, ফৌজদারি বিচারব্যবস্থা এবং নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
রোববার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে অভিবাসন ব্যবস্থাপনা, ফৌজদারি বিচারখাতে সহযোগিতা এবং সামগ্রিক নিরাপত্তা বিষয় নিয়ে মতবিনিময় করা হয় বলে যুক্তরাজ্য দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
ব্রিটিশ হাইকমিশনার নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
