প্রথম আয়োজনেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেল ইয়ুথ ট্যুরিজম এক্সপো

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, অংশগ্রহণ ও দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। গত ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইটাব) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এ এক্সপোর আয়োজন করা হয়। দেশের অভ্যন্তরীণ পর্যটনের প্রচার, প্রসার ও বিকাশের পাশাপাশি পর্যটনশিল্পের বিভিন্ন অংশীজনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হাউসবোট, পরিবহন প্রতিষ্ঠান, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। পর্যটনপ্রেমী, তরুণ উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক্সপোটি পর্যটনশিল্পের মিলনমেলায় পরিণত হয়। পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ, নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।

এক্সপোর কনভেনর কামরুল হাসান ইমন বলেন, মাত্র তিন মাসের পরিকল্পনা ও প্রস্তুতির মধ্য দিয়ে এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটনকে নতুনভাবে তুলে ধরা এবং পর্যটনশিল্পের সব অংশীজনকে একটি জাতীয় প্ল্যাটফর্মে একত্র করাই ছিল মূল লক্ষ্য। প্রথম আয়োজনেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। এ সাফল্য ইটাব পরিবার, প্রদর্শক, অংশীদার, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমরানুল আলম বলেন, বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো আয়োজন ইট্যাবের দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তব প্রতিফলন। দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। প্রথম আয়োজনেই প্রদর্শক, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগাবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ এক্সপো কেবল পর্যটন প্রদর্শনী নয়; বরং দেশীয় পর্যটনকে নতুনভাবে উপস্থাপন, তরুণ প্রজন্মকে পর্যটন উদ্যোক্তা হিসেবে উৎসাহিত করা এবং দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি সম্মিলিত উদ্যোগ।

আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সরকারি প্রতিষ্ঠান, অংশগ্রহণকারী, অংশীদার, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ স্কাউটসের সদস্য, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যমকর্মী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইট্যাব। প্রথম আয়োজনের অভিজ্ঞতা ও অংশীজনদের মতামত কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

  • travel based first digital media
  • এক্সপো
  • পর্যটন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া