টানা ভারী বর্ষণ: ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ ঘন্টা আগে

টানা ভারী বর্ষণের কারণে সম্ভাব্য দুর্যোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় আগামী ১২ জুলাই পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৭টায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত ভারী বর্ষণের ফলে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৬ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ১২ জুলাই ২০২৬ (রবিবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

  • পর্যটন
  • বান্দরবান
  • সর্বশেষ