ট্যুর গাইডদের পেশাগত দক্ষতা বাড়াতে মাঠপর্যায়ের প্রশিক্ষণ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

দেশের পর্যটন খাতে দক্ষ ট্যুর গাইড তৈরির লক্ষ্যে ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ কর্মশালার অংশগ্রহণকারীদের নিয়ে রাজধানীর লালবাগ কেল্লায় একটি হাফ-ডে প্র্যাকটিক্যাল লার্নিং ট্যুরের আয়োজন করেছে এভিয়েশন.কম.বিডি।

কর্মশালার ব্যবহারিক অংশ হিসেবে আয়োজিত এ ফিল্ড সেশনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। সেশনটি পরিচালনা করেন জার্নি প্লাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব ও কাজ বাস্তবে পর্যবেক্ষণ এবং অনুশীলনের সুযোগ পান। এ সময় ঐতিহাসিক স্থাপনার ব্যাখ্যা ও উপস্থাপন (ডেস্টিনেশন ইন্টারপ্রিটেশন), দর্শনার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, দল পরিচালনা, ভিজিটর এনগেজমেন্ট এবং গাইডিং কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকদের মতে, কর্মশালায় অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব পরিবেশে প্রয়োগের সুযোগ করে দিতেই লালবাগ কেল্লাকে প্রশিক্ষণের স্থান হিসেবে নির্বাচন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি ঐতিহাসিক পর্যটন গন্তব্য পেশাদারভাবে উপস্থাপন এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার বাস্তব ধারণা লাভ করেন।

তৌফিক রহমান বলেন, একজন পেশাদার ট্যুর গাইডের শুধু গন্তব্য সম্পর্কে জ্ঞান থাকলেই যথেষ্ট নয়; কার্যকর যোগাযোগ দক্ষতা এবং দর্শনার্থীদের কাছে একটি গন্তব্যকে অর্থবহভাবে উপস্থাপনের সক্ষমতাও থাকতে হয়। এসব দক্ষতা অর্জনে ব্যবহারিক অভিজ্ঞতার বিকল্প নেই।

এভিয়েশন.কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হারুনুর রশিদ, AvMP বলেন, কর্মশালার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই প্র্যাকটিক্যাল লার্নিং ট্যুরের পরিকল্পনা করা হয়েছিল, যাতে অংশগ্রহণকারীরা শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারেন। এ ধরনের ফিল্ড সেশন একজন ট্যুর গাইডের পেশাগত দায়িত্ব ও বাস্তব কাজ সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করে।

আয়োজকরা প্র্যাকটিক্যাল সেশন পরিচালনা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য তৌফিক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রথম কর্মশালার ভেন্যু পার্টনার এম৩৬০আইসিটি, দ্বিতীয় কর্মশালার ইভেন্ট সাপোর্ট পার্টনার ট্রাভেল ক্যানভাস এবং উভয় কর্মশালার মিডিয়া পার্টনার দ্য বাংলাদেশ মনিটরের সহযোগিতারও প্রশংসা করেন।

আয়োজকদের মতে, এই প্র্যাকটিক্যাল লার্নিং ট্যুরের মাধ্যমে ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ প্রশিক্ষণ কর্মসূচির বর্তমান পর্ব শেষ হয়েছে। ভবিষ্যতে দেশের পর্যটন শিল্পের জন্য দক্ষ ট্যুর গাইড গড়ে তুলতে আরও উন্নত প্রশিক্ষণ, ব্যবহারিক শিক্ষা কার্যক্রম এবং শিল্প-সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে।

  • travel based first digital media
  • এভিয়েশন ডট কম ডট বিডি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মাঠপর্যায়ের প্রশিক্ষণ