শীঘ্রই বাংলাদেশীদের জন্য চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা
আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য ভিসা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রদূত। তিনি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হয়ে যাবে এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা, বিশেষ করে ভ্রমণ ভিসা উন্মুক্ত করা হবে।
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখের বেশি বাংলাদেশী অবস্থান করছে। যা অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি। বর্তমানে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ রয়েছে। পুনরায় ভিসা কার্যক্রম চালু হলে এটি একটি গুরুত্বপুর্ন অগ্রগতি বলে জানিয়েছেন প্রবাসীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আমিরাতে বাংলাদেশিদের শ্রমের অবদান স্বীকার করে বলেন, ‘ বাংলাদেশিরা আরব আমিরাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে নির্মাণকাজ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে।’ এছাড়াও তিনি বলেন, বাংলাদেশিদের জন্য দক্ষ শ্রমিকসহ অন্যান্য পেশায় সুযোগ বাড়ানো উচিত এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান জানান।
মুশফিকুল ফজল আনসারী আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন ও জানান, আমিরাতের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রতি তার সহযোগিতার হাত বাড়িয়েছেন। ভবিষ্যতে আরও দৃঢ় সম্পর্ক হবে। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, ড. রেজা খান, এবং দুবাইয়ের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন।
