প্রবাসী কার্ডে যুক্ত হচ্ছে প্রিমিয়াম বিমানবন্দর সুবিধা ও দ্রুত ভূমি সেবা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ, প্রাধান্য সেবা ও ভূমি সেবায় বিশেষ সুবিধা

 

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বিমানবন্দরে বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা, প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং, নামজারি, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। এতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। মুখে প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হলেও বাস্তবে তাদের মর্যাদা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্যোগটি সফল করতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া শাটল বাস সার্ভিসের সুবিধাও প্রবাসীরা পাবেন। বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে একই দিনে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পৃথক এক সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক সেবা চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, নামজারি, মিউটেশনসহ অন্যান্য ভূমি সেবা দ্রুত সম্পন্ন, ভূমি অফিসে ‘প্রবাসী কর্নার’ বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব তুলে ধরেন।

জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালু করছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য প্রস্তাবিত সব ধরনের ভূমি সেবা অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এসব সেবার সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন।

  • প্রবাস
  • প্রবাসী
  • প্রবাসী কার্ড
  • প্রবাসী বাংলাদেশী
  • সর্বশেষ