দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড ডিসেম্বরে!

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো ডিসেম্বরে @ সম্পাদিত

বাংলাদেশের ইতিহাসে প্রবাসীদের পাঠানো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৪ সালের ডিসেম্বরে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, ডিসেম্বর মাসে মোট রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ ডলার, যা ২.৬৪ বিলিয়ন ডলার সমতুল্য। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলা মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় ২০২৪ সালের ডিসেম্বরে তা বেড়েছে ৬৪ কোটি ৮০ লাখ ডলার। ২০২৪ সালে জুলাই মাস বাদে বাকি ১১ মাসে প্রত্যেক মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

এবারের এই রেমিটেন্স আগের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২.৫৯ বিলিয়ন ডলার। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে ২০২৪ সালের ডিসেম্বরে প্রাপ্ত রেমিট্যান্স।২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবাসীরা মোট ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি।

২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে এই পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ডলার।এমন ঊর্ধ্বগতির রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।

বিশেষজ্ঞদের মতে প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের অবদানের ফলেই এই মাইলফলক অর্জিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নযাত্রায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।

  • প্রবাসী
  • রেমিট্যান্স