লিবিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ২৩ জানুয়ারি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট (e-Passport) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) তারিখে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলীতে এ কার্যক্রম শুরু হবে।

দূতাবাস সূত্র জানায়, ই-পাসপোর্ট সেবা চালুর লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি কারিগরি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে দূতাবাসে অবস্থান করে প্রয়োজনীয় সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন করেছে। আধুনিক ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে প্রতিদিন সীমিত সংখ্যক আবেদন গ্রহণ করা হবে।

প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হবে যেসব প্রবাসীর পাসপোর্টের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে অথবা এক বছরের কম সময় বাকি রয়েছে। পাশাপাশি যাদের কোনো পাসপোর্ট বা ই-পাসপোর্ট নেই কিংবা পাসপোর্ট হারিয়ে গেছে, তারাও অগ্রাধিকার তালিকায় থাকবেন। তবে যাদের বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছরের বেশি রয়েছে, তাদের পরবর্তী পর্যায়ে আবেদন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

আবেদন প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল রাখতে অনলাইন ডাটা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী প্রবাসীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে সঠিক তথ্য প্রদান করতে বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শহরভিত্তিক অগ্রাধিকার তালিকা তৈরি করে পর্যায়ক্রমে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি দূতাবাসে উপস্থিত না হওয়ার অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

ই-পাসপোর্ট সংক্রান্ত যেকোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য দূতাবাসের অফিসিয়াল হটলাইন +২১৮ ৯১০০১৩৯৬৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ ক্ষেত্রে সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দূতাবাস ।

 

  • Travel based 1st digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • লিবিয়া দূতাবাস