ওমানের নতুন শ্রম আইনে কর্মস্থল পরিদর্শকদের তদারকি ক্ষমতা বাড়ল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ মাস আগে

রয়্যাল ডিক্রি ৫৩/২০২৩-এর মাধ্যমে প্রণীত ওমানের নতুন শ্রম আইনে দেশজুড়ে ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি শক্তিশালী কর্মস্থল পরিদর্শন ব্যবস্থা চালু করা হয়েছে।

 

মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মের প্রতিষ্ঠাতা অংশীদার ড. মোহাম্মদ ইব্রাহিম আল জাদজালি গণমাধ্যমকে জানান, শ্রম আইন বাস্তবায়নে নিয়োজিত অনুমোদিত পরিদর্শকদের বিচারিক প্রয়োগ ক্ষমতা দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে এসব পরিদর্শককে মন্ত্রীর সামনে শপথ নিতে হয়, যাতে তারা সৎভাবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্বকালে প্রাপ্ত সব তথ্যের গোপনীয়তা বজায় রাখেন।

 

ড. আল জাদজালি বলেন, পরিদর্শকদের অন্যতম প্রধান ক্ষমতা হলো কর্মঘণ্টার মধ্যে যেকোনো কর্মস্থলে প্রবেশ করে বই, নথি ও রেকর্ড পরীক্ষা করা। এর মাধ্যমে শ্রম আইন এবং এর বাস্তবায়নসংক্রান্ত সিদ্ধান্তগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

 

আইন অনুযায়ী, নিয়োগকর্তা ও তাঁদের প্রতিনিধিদের পরিদর্শকদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে এবং শ্রম আইনের প্রয়োগসংক্রান্ত সম্পূর্ণ ও সঠিক তথ্য সরবরাহ করতে হবে। একই সঙ্গে, ইচ্ছাকৃতভাবে পরিদর্শকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

শ্রম আইনের প্রয়োগ কাঠামোতে এমন বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে মন্ত্রী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদ্ধতি নির্ধারণ করে সিদ্ধান্ত জারি করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী নিবন্ধিত লঙ্ঘনের বিষয়ে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার সুযোগও রাখা হয়েছে।

 

ড. মোহাম্মদ ইব্রাহিম বলেন, কর্মস্থল পরিদর্শন ব্যবস্থা ওমানের শ্রম আইনের কার্যকর প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন, পরিদর্শকদের পর্যাপ্ত ক্ষমতা ও প্রবেশাধিকার প্রদান, নিয়োগকর্তাদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা এবং আইন অমান্যের জন্য শাস্তির বিধান রাখার মাধ্যমে এই আইন কাগজে-কলমে নয়, বাস্তব ক্ষেত্রেও কার্যকর হবে।’

 

উল্লেখ্য, মোহাম্মদ ইব্রাহিম ল ফার্ম ১৪ ডিসেম্বর ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। মাস্কাট ও সোহার শহরে অবস্থিত এই প্রতিষ্ঠানের অফিস থেকে শ্রম আইন, করপোরেট বিষয়, বাণিজ্যিক বিরোধ এবং আন্তর্জাতিক সালিশ সংক্রান্ত আইনি সেবা প্রদান করা হয়।

সোর্সঃ টাইমস অফ ওমান

  • ওমান
  • শ্রম আইন